

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে মেহেজাবিন জান্নাত অনন্যা নামে এক নারীর বিরুদ্ধে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নারী যশোর-৪ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে। তবে এমপির ভাষ্য, তার মেয়ে মেয়ের মানসিক সমস্যা আছে। বাড়ির সামনে শিশুদের হট্টগোলের জেরে ঘটনাটি ঘটে।
এদিকে এই ঘটনার জেরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এমপির যশোর শহরের বাড়ি ঘিরে বিক্ষোভ করেছেন। বাড়ির সামনের যশোর-নড়াইল মহাসড়ক অবরোধও করেন তারা। এতে যান চলাচল ব্যাহত হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের নীলগঞ্জ এলাকায় আল মাদ্রাসাতুশ শারইয়াহ মাদরাসার পাশে এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করেন কয়েকশ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি এমপির বাড়ির পাশেই। সেখানকার এক শিশু শিক্ষার্থীকে আজ সকালে মারধর করেন গোলাম রসুলের মেয়ে অনন্যা। প্রতিবাদ করতে গেলে এক নারী অভিভাবকের ওপরও চড়াও হন তিনি। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে এমপি রসুল মাদরাসা আপাতত বন্ধ রাখতে বলেন।
এতেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এমপির বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বাড়ির দিকে ইট-পাটকেল ছোড়া হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিক্ষোভকারীদের দুপুরে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনার সূত্রপাতের বিষয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন- গতকাল এমপি সাহেবের মেয়ে মাদরাসার এক হুজুরের সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেন। তার কিছু মানসিক সমস্যা আছে, এ কারণে এসব করেছেন। মাদ্রাসার লোকজন এতে ক্ষুব্ধ ছিলেন। আমি খবর পেয়ে রাতেই যাই। বিষয়টি মিটমাট করে আসি। আজ সকালে মেয়েটি আবার মাদরাসার এক শিশুকে মারধর করেন। এক অভিভাবকের মাথায় আঘাতও করেন। এরপর এলাকার লোকজন বিক্ষোভ শুরু করে।
এ বিষয়ে যশোর-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গোলাম রসুল গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে মেডিকেলে পড়ে। তার একটু মানসিক সমস্যা আছে। দেশের বিভিন্ন স্থানে এমনকি ভারতেও তার চিকিৎসা করানো হয়েছে। এখনো তার চিকিৎসা চলছে। এর মধ্যে বাড়ির সামনে মাদ্রাসা হওয়ায় শিশুরা বিভিন্ন সময় সেখানে এসে হট্টগোল করে। অনন্যা শুধু এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করা হয়েছে। এখন বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।