

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরীক্ষা-নিরীক্ষা ও একাধিক অনুশীলন সেশন শেষে স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। একমাত্র পরিবর্তন হিসেবে ইনজুরিতে থাকা রাফিনিয়ার জায়গায় সুযোগ পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে ম্যাচপূর্ব শেষ অনুশীলনে ডান প্রান্তে আক্রমণভাগে রায়ানকেই ব্যবহার করা হয়েছে। এতে ম্যাচ শুরুর একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
ম্যাচের তিন ঘণ্টা আগে চূড়ান্ত একাদশ ঘোষণা করা হলেও অনুশীলনের চিত্র অনুযায়ী বড় কোনো চমক না থাকলে ব্রাজিল মাঠে নামতে পারে প্রায় পরিচিত কম্বিনেশন নিয়েই।
তবে কাসেমিরো ও ডগলাস সান্তোস দুজনই হলুদ কার্ড ঝুঁকিতে থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বিবেচনায় তাদের বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিতের লড়াইয়ে এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, দল মূলত সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চায় এবং রাফিনিয়ার বিকল্প নিয়ে তাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, রাফিনিয়ার অনুপস্থিতিতে রায়ান ভালোভাবেই নিজেকে মানিয়ে নিয়েছে এবং বিকল্প হিসেবে আস্থা রাখার মতো পারফরম্যান্স দেখিয়েছে। প্রয়োজনে তার ভূমিকায় সে কার্যকর হতে পারবে বলে বিশ্বাস কোচের।
গত কয়েকদিনের অনুশীলনে ডান প্রান্তে লুইজ হেনরিকেকেও পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি রক্ষণভাগে গ্যাব্রিয়েল মাগালহায়েসের বিকল্প হিসেবে লিও পেরেইরার নামও বিবেচনায় ছিল।
আক্রমণভাগের বিকল্প পরিকল্পনায় এন্দ্রিক ও মাতেউস কুনিয়ার সমন্বয় নিয়েও কাজ করেছে ব্রাজিল শিবির।
এদিকে দলে থাকলেও নেইমার এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন। তাই স্কটল্যান্ডের বিপক্ষে তাকে বেঞ্চে রেখে ম্যাচের শেষ দিকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।
