

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এক বছরের ব্যবধানেই আবারও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সেতে ফিরলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার তার প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ফ্লুমিনেন্সের হয়ে খেলবেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার।
গত বছরের শেষদিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। তবে ইউরোপীয় মৌসুম শেষে দুই পক্ষের চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপরই তাকে দলে ফেরানোর উদ্যোগ নেয় তার পুরোনো ক্লাব।
দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সিলভাকে ফিরিয়ে আনতে সক্ষম হয় ফ্লুমিনেন্সে। ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল এই ফুটবলারের প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরাও।
ফ্লুমিনেন্সে কর্তৃপক্ষের পরিকল্পনা ছিল ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত সিলভাকে দলে রাখা। তবে ব্যক্তিগত ও পেশাগত কারণ বিবেচনায় তিনি ইউরোপে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে থাকা পরিবারের কাছাকাছি থাকা এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা নিশ্চিত করার লক্ষ্য থেকেই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাননি সিলভা। এরপর পোর্তোর সঙ্গে সম্পর্কের ইতি ঘটলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে আবারও আবেগ ও শিকড়ের টানে ফ্লুমিনেন্সেতে ফেরার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ক্লাব সূত্রে জানা গেছে, কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায় এবং দ্বিতীয় মেয়াদে ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তোলার ব্যাপারে সম্মতি দেন সিলভা।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার হতাশার মধ্যেও পুরোনো ক্লাবে ফিরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন থিয়াগো সিলভা। তার প্রত্যাবর্তনে নতুন মৌসুমের আগে শক্তি বাড়ল ফ্লুমিনেন্সের রক্ষণভাগেও।
