

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. তাসনিম জারা।
নতুন রাষ্ট্রপতির সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ‘আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি আর শুধু দলের নন, তিনি বাংলাদেশের।’
শুক্রবার (২১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন।
তাসনিম জারা লেখেন, ‘আজ থেকে তিনি আর তার দলের কেউ নন, বাংলাদেশের। আমার বিশ্বাস, ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদটার সম্মান, মর্যাদা আর স্থিতিশীলতা ফিরে আসবে। মানুষটাকে যতটুকু জেনেছি, আশা রাখতে চাই।’
মির্জা ফখরুলের সঙ্গে নিজের পরিচয়ের প্রসঙ্গ তুলে তাসনিম জারা বলেন, ২০১৮ সালে তিনি প্রথম ভোট দেওয়ার সুযোগ পান। ওই নির্বাচনের আগে মির্জা ফখরুল তার মতো তরুণ ভোটারদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আপনারা যারা এবারে প্রথম ভোট দেবেন, তাদের আমি কিছু বলতে চাই।’
তাসনিম জারা লেখেন, ‘মানুষটা সুবক্তা। রাজনীতিতে আসার আগে শিক্ষক ছিলেন, কথা শুনলে সেটা বোঝা যেত।’ ওই নির্বাচনের আগে ভোট কারচুপির আশঙ্কার মধ্যেও মির্জা ফখরুল ভোটারদের কেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তাসনিম জারার ভাষ্য, ওই কথায় অনুপ্রাণিত হয়ে তিনি খিলগাঁওয়ের একটি কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন। তবে সকালেই সেখানে ‘বড় ধরনের কারচুপি’ হচ্ছে বলে বুঝতে পারেন। এরপরও মির্জা ফখরুল নিজের আসনে জয়ী হয়েছিলেন। কিন্তু কারচুপির ভোটে গঠিত সংসদে তিনি যাননি বলেও উল্লেখ করেন তাসনিম জারা।
ক্ষমতার চেয়ার পেয়েও শুধু নীতির জন্য তা দূরে ঠেলে দিতে সবাই পারেন না উল্লেখ করে তিনি লেখেন, ‘বরং ক্ষমতার চেয়ার পেতে সব নীতি বিকিয়ে দেন। উনি এখানে অনন্য।’
মির্জা ফখরুলের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাসনিম জারা বলেন, রাজনীতিতে আসার পর তিনি অনেক প্রবীণ মানুষের পরামর্শ নিয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গেও একাধিকবার কথা বলে তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি অকপটে অনেক কথা বলেছেন, কোন বই পড়া দরকার তার নাম বলেছেন এবং নিজের বইও দিয়েছেন বলে জানান তাসনিম জারা।
তিনি আরও লেখেন, ‘আমাদের রাজনীতির অঙ্গনে এমন মানুষ বেশি পাবেন না, যিনি আপনার সঙ্গে বই নিয়ে কথা বলবেন বা আপনাকে বই পড়তে দেবেন। কোন মানুষটা রাজনীতিকে কী মনে করেন, এই ছোট জিনিসগুলোতেই সেটা ধরা পড়ে।’
রাষ্ট্রপতি পদটির গুরুত্ব তুলে ধরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সময়টি সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর একটি। এই পদটি কখনো বড় বড় সংকটের কেন্দ্রে ছিল, আবার কোনো কোনো সময়ে দেশকে স্থিতিশীলতাও দিয়েছে। তার মতে, পার্থক্যটা তৈরি হয় পদে থাকা মানুষের চরিত্রের ওপর।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।


