শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আবদুল মঈন খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এসেছে। তার স্থলাভিষিক্ত হয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পর মন্ত্রী হিসেবে শপথ নেন মঈন খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে নতুন করে যারা যুক্ত হয়েছেন, তাদের মধ্যে তিনিও রয়েছেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মন্ত্রীর পদ ছাড়ায় মন্ত্রণালয়টির দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মঈন খানের। তিনি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত হওয়ার পর তাকে পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়।

এর আগেও বিএনপি সরকারের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন মঈন খান। ২০০১ সালে তথ্যমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে থাকা মঈন খান দলের নীতিনির্ধারণী পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থনীতি, প্রশাসন ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্বে তার সামনে বড় বিষয়গুলোর একটি হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানো। দেশের সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমের পাশাপাশি নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী উন্নয়ন এবং নাগরিক সেবা এই মন্ত্রণালয়ের আওতাভুক্ত।

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজ করাও নতুন মন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে থাকছে।

এর আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দলীয় রাজনীতির প্রভাবের বাইরে থেকে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছিলেন মঈন খান। এবার সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার আগের অবস্থান বাস্তবে কীভাবে প্রতিফলিত হয়, সেদিকেও নজর থাকবে।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার পর মন্ত্রিসভায় প্রথম দফার পরিবর্তনের অংশ হিসেবেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে এলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank