শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন, প্রজ্ঞাপন জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল হয়েছে। নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টনের পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন এবং আরেকজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি ৩(৪) অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়। নতুন আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি নতুন চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। আর প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মির্জা ফখরুলের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাত এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন। এত দিন তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। মন্ত্রণালয়টির আগের মন্ত্রী আফরোজা খানম রিতাকে অন্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী। বিএনপি সরকার গঠনের পর এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপেন দেওয়ান। পরে তিনি পদত্যাগ করেন। বর্তমানে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এত দিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর সমমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে। এ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা থেকে প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank