রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোল পাননি রোনালদো, তবুও চিলিকে হারাল পর্তুগাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:২০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ঘটনাবহুল এ ম্যাচে গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়। পরে বিরতিতে তাকে বদলি করেন পর্তুগালের কোচ। যদিও শেষ শেষ পর্যন্ত চিলির বিপক্ষে জয় পেতে সমস্যা হয়নি দলটির।

লিসবনের এস্তাদিও নাসিওনাল দো জামোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে রবার্তো মার্তিনেজের দল। ম্যাচে গোল করেছেন গনসালো গুয়েদেস ও ব্রুনো ফার্নান্দেস।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পর্তুগাল। প্রথমার্ধে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেন রোনালদো। চিলির গোলরক্ষক লরেন্স ভিগুরু তার দুটি শট ফিরিয়ে দিলেও ৩৫ মিনিটে ঠিকই বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। কিন্তু ভিএআর যাচাইয়ে দেখা যায়, অফসাইড অবস্থানে ছিলেন তিনি। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে যোগ হয় বাড়তি উত্তেজনা। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পর্তুগালের রাফায়েল লিয়াও ও চিলির ইভান রোমান লাল কার্ড দেখেন। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন রোনালদোও।

বিরতির পর একসঙ্গে ছয়টি পরিবর্তন আনেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। রোনালদোসহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে তুলে নিয়ে নতুনদের সুযোগ দেন তিনি। আর সেই পরিবর্তনের সুফলও দ্রুত পায় স্বাগতিকরা।

৫৭ মিনিটে রুবেন নেভেসের পাস থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় গনসালো গুয়েদেস। এরপর ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ হয়।

যোগ করা সময়ে লুকাস সেপেদা একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি চিলি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে প্রস্তুতি পর্বে আত্মবিশ্বাস আরও বাড়ল মার্তিনেজের দলের। আর গোল না পেলেও রোনালদোর পারফরম্যান্স ছিল পর্তুগালের আক্রমণে অন্যতম আলোচনার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন