বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন চ্যানেলে দেখা যেতে পারে বিশ্বকাপের ম্যাচ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। সরকারের উদ্যোগে তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলে বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি আরও একটি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ফিফার কাছ থেকে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। তবে স্থানীয়ভাবে স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এতে টুর্নামেন্ট শুরুর অল্প সময় আগে দেশে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উদ্যোগ নেয়। এ প্রক্রিয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।

সূত্রের দাবি, ক্রীড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম, টেলিকম কোম্পানি এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে নতুন বাণিজ্যিক কাঠামো তৈরি করা হয়। একই সঙ্গে ডিজিটাল ও টেলিকম খাত থেকে সম্ভাব্য নতুন আয়ের উৎসও খুঁজে দেখা হয়।

জানা গেছে, সম্প্রচার স্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এটি স্প্রিংবকের প্রাথমিক দাবিকৃত ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, বেসরকারি অংশীদারদের সম্পৃক্ততার মাধ্যমে চুক্তির আর্থিক কাঠামো তৈরি করা হয়েছে। ফলে এ প্রক্রিয়ায় সরকারি অর্থ বা করদাতাদের অর্থ ব্যয় করার প্রয়োজন হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন