বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য বড় সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৩:০১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

২০২৬ ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে বাংলাদেশে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই দূর হয়েছে। দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের ঘোষণা দিয়েছে। ফলে দেশের দর্শকরা অনলাইনে টুর্নামেন্টের সব ম্যাচ দেখার সুযোগ পাবেন।

বুধবার প্রতিষ্ঠানটি তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ তথ্য জানায়। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজের আওতায় থাকা গ্রাহকেরা টফি প্ল্যাটফর্মে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। এ নিয়ে বিস্তারিত প্যাকেজ ও শর্তাবলি পরে জানানো হতে পারে।

বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান বলেন, বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবল অনুরাগীর জন্য আন্তর্জাতিক মানের স্ট্রিমিং সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলালিংকের নেটওয়ার্ক সক্ষমতা এবং টফির প্রযুক্তিগত অবকাঠামো দর্শকদের নিরবচ্ছিন্ন ম্যাচ উপভোগের অভিজ্ঞতা দেবে।

তবে টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফলে আপাতত ডিজিটাল মাধ্যমেই বিশ্বকাপ দেখার নিশ্চয়তা পেলেন দেশের ফুটবলপ্রেমীরা।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এ টুর্নামেন্টটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন