রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপসঙ্গী কারা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ের লক্ষ্য বাংলাদেশের। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসরে তুলনামূলক স্বস্তির গ্রুপ পেয়েছে স্বাগতিকরা।

শনিবার (০১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ হয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।

ড্র অনুষ্ঠানে অংশ নেন সাফের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন, যিনি একই দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংস্থাটির সভাপতি নির্বাচিত হন।

সাফের সদস্য দেশ সাতটি হলেও এবারের ড্রয়ে রাখা হয়নি নেপালকে। কারণ, ফিফার নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আন্তর্জাতিক ফুটবলের বাইরে রয়েছে দেশটি। তবে সাফ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে তারা।

নেপাল শেষ পর্যন্ত খেলতে পারলে টুর্নামেন্টের সূচি ও গ্রুপ সমন্বয়ে পরিবর্তন আসতে পারে। আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে যুক্ত করার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সাফ।

বাংলাদেশের জন্য এবারের আসর বিশেষ গুরুত্ব বহন করছে। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল লাল-সবুজের দল। এরপর কেটে গেছে ২৩ বছর, কিন্তু আর শিরোপা স্পর্শ করা হয়নি।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবার শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন