

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্ব যখন ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে, তখনই ইতিহাসের এক অনন্য স্মারক আবারও আলোচনায় এসেছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ১০ নম্বর জার্সি নিলামে উঠতে যাচ্ছে।
নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান সোথবিস জানিয়েছে, আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে এই জার্সিটির নিলাম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নিউইয়র্কে প্রতিষ্ঠানটির প্রদর্শনীকেন্দ্রে জার্সিটি সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে।
প্রতিষ্ঠানটির আধুনিক সংগ্রহযোগ্য পণ্যের প্রধান ব্রাহম ওয়াচটার এক বিবৃতিতে বলেন, এটি ছিল পেলের উত্থানের সেই রাতের স্মারক, যেদিন তিনি বিশ্ব ফুটবলে নিজের অবস্থান পাকা করেন।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ে দুই গোল করেন মাত্র ১৭ বছর বয়সী পেলে। ওই ম্যাচেই বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি, যা এখনো অক্ষুণ্ণ রয়েছে।
জানা যায়, ফাইনাল শেষে পেলে ম্যাচে পরা এই জার্সিটি তার সতীর্থ দিদাকে উপহার দেন। পরে এটি দীর্ঘদিন তার পরিবারের কাছে সংরক্ষিত ছিল এবং পরবর্তীতে একটি ব্রাজিলিয়ান জাদুঘরে রাখা হয়। ২০০৪ সালে এটি একজন অজ্ঞাত সংগ্রাহকের হাতে আসে।
নিলামে জার্সিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ লাখ মার্কিন ডলার। বিক্রি হলে এটি বিশ্বকাপ ইতিহাসে কোনো স্মারকের অন্যতম সর্বোচ্চ দামের রেকর্ড গড়তে পারে।
উল্লেখ্য, পেলে ২০২২ সালে ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি তিনবার বিশ্বকাপ জয়ী ফুটবলার হিসেবে ইতিহাসে অনন্য স্থান দখল করে আছেন।
