রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে যুবদল ও শ্রমিক দল নেতার দায়ের করা পৃথক দুটি নাশকতার মামলায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলী প্রামাণিকের ছেলে এই রফিকুল ইসলাম। তিনি গোসাইবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করে।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।

এ ছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন