

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর বেশি সময় বাকি নেই। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্ত পর্যন্ত বিশ্বের কয়েকটি দেশে সম্প্রচারস্বত্ব নিয়ে অনিশ্চয়তা ছিল। বিশেষ করে বিশাল দর্শকগোষ্ঠীর দেশ ভারতে বিশ্বকাপের ম্যাচ কোন প্ল্যাটফর্মে দেখা যাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল জল্পনা।
অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে জানা গেল সম্প্রচারকারী চ্যানেলের নাম। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার। গতকাল (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছে জি এন্টারটেনমেন্ট।
নতুন এই সমঝোতার আওতায় আগামী আট বছর ফিফার একাধিক বড় টুর্নামেন্ট সম্প্রচার করবে জি। শুধু চলতি বিশ্বকাপ নয়, ২০২৭ ও ২০৩১ সালের নারীদের ফুটবল বিশ্বকাপ এবং ২০২৬ ও ২০৩০ সালের পুরুষ ফুটবল বিশ্বকাপসহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতা দেখাবে তারা।
জি এন্টারটেনমেন্ট জানিয়েছে, সম্প্রতি তারা চারটি চ্যানেল চালু করেছে। সেগুলো হলো— ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ ও ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি। এই চারটি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের খেলা। পাশাপাশি জি-ফাইভ অ্যাপেও খেলা দেখতে পাবেন দর্শকরা।
কত টাকায় চুক্তি হয়েছে তা এখনও অফিসিয়ালি জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতীয় মূল্যে প্রায় ৩৩২ কোটি রুপিতে ফিফার সঙ্গে আট বছরের চুক্তি করেছে জি এন্টারটেনমেন্ট।
এদিকে, ভারতে সম্প্রচার জটিলতা কাটলেও বাংলাদেশে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে খেলা দেখানোর প্রক্রিয়ার কথা শোনা গিয়েছিল। যদিও পরবর্তীতে তেমন অগ্রগতির খবর পাওয়া যায়নি।
