শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন কোচের নাম ঘোষণা কবে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৪:২৪ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ০৪:২৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে হ্যাভিয়ের কাবরেরার দায়িত্ব শেষ হওয়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দেশের ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ?

যদিও শুক্রবার (১৫ মে) নতুন কোচের নাম ঘোষণার কথা ছিল, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

বাফুফের তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচ হওয়ার জন্য প্রায় ২৩০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৭০ জন ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সম্ভাব্য তিনজনকে নিয়ে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলস জাতীয় দলের সাবেক কোচ ক্রিস কোলম্যান। খেলোয়াড়ি জীবনে তিনি ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে মাঠে নেমেছেন। কোচ হিসেবেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেলদের নিয়েও সফলভাবে কাজ করেছেন কোলম্যান।

এছাড়া আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্কও। ৬৩ বছর বয়সী এই কোচ একসময় বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় ছিলেন এবং পরবর্তীতে কোচিং স্টাফের সদস্য হিসেবেও কাজ করেছেন। জাতীয় দলের পর্যায়ে হাঙ্গেরি ও কাজাখস্তানের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার। বাফুফের একাধিক সূত্র বলছে, এই দুই কোচের মধ্য থেকেই একজনকে বেছে নেওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে শুক্রবার পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি জানান, বাফুফের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং কোচদের শর্টলিস্ট তৈরি করা হয়েছে। তার আশা, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নতুন কোচের নাম প্রকাশ করা হবে।

জানা গেছে, ক্রিস কোলম্যান বাংলাদেশে আসতে চাইলে তার সহকারী কোচ কিট সিমন্সকেও সঙ্গে আনতে চান। দুজনের সম্মিলিত মাসিক ব্যয় হতে পারে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকার কাছাকাছি। এর মধ্যে কোলম্যানের সম্ভাব্য মাসিক বেতন প্রায় ২৬ হাজার ডলার।

বাজেট সীমাবদ্ধতার প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে উন্নয়ন একদিনে সম্ভব নয়। নতুন কোচকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি জানান, আগামী অর্থবছরে ক্রীড়া খাতে বড় পরিসরে নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup