শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিজেদের চরকায় তেল দিন’ সমালোচকদের নেইমারের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
নেইমার জুনিয়র
expand
নেইমার জুনিয়র

২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় ছিল নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড।

ছুটির সময় ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই তারকা ফুটবলার। তবে সমালোচনাকে আমলে না নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পর অবকাশ যাপনে যান নেইমার। সেই সময়েই তিনি ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এরপর থেকেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, ফুটবলের পাশাপাশি পোকারকেও তিনি সমান গুরুত্ব দিচ্ছেন কি না, কিংবা ভবিষ্যতে এটিকেই পেশা হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করছেন কি না।

বিতর্ক আরও তীব্র হয় যখন প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও পোকার টেবিলে দেখা যায় নেইমারকে। একই সময়ে কোপা সুদামেরিকানায় মাঠে খেলছিল তার ক্লাব সান্তোস। অধিনায়ক হয়েও দলের সঙ্গে না থেকে পোকার খেলায় অংশ নেওয়ায় অনেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

এর জবাবে সান্তোসের অনুশীলন কেন্দ্র থেকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেইমার বলেন, ‘আমি দ্বিতীয় অনুশীলন সেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন মনে পড়ল, ছুটির দিনে আমার পোকার খেলা নিয়ে কত আলোচনা হয়েছে।’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি, পরে আবার ট্রেনিংয়ে ফিরেছি। ছুটির দিন কীভাবে কাটাব, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করে সবাই নিজেদের চরকায় তেল দিন।’

পোকারের প্রতি নেইমারের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলার সঙ্গে যুক্ত। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের আগের আসরেও অংশ নিয়ে ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন তিনি।

এদিকে মাঠে ফেরার প্রস্তুতিও সম্পন্ন করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। সান্তোসের কোচ জানিয়েছেন, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েনসের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন দলের অধিনায়ক নেইমার। সমালোচনার মধ্যেও ফুটবলের প্রতি নিজের অঙ্গীকার অটুট রয়েছে-মাঠে ফিরেই সেটির প্রমাণ দিতে চান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন