মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কবে মাঠে ফিরবেন মেসি? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
expand

২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর এখনও বিশ্রামে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের টানা ব্যস্ততা শেষে তাঁকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ইন্টার মায়ামি। ক্লাবটির লক্ষ্য, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার পরই তাকে মাঠে ফেরানো।

বিশ্বকাপ শেষে মেসি ও রদ্রিগো ডি পল ছুটিতে থাকায় শিকাগো ফায়ারের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনে দল সাজান ইন্টার মায়ামির প্রধান কোচ অ্যাঞ্জেল গিয়ের্মো হোয়োস। সেই ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামি। আত্মঘাতী গোল করেও দলের জয় ঠেকাতে পারেননি গোলরক্ষক রোকো রিওস নোভো। একই ম্যাচে শিকাগো ফায়ারের হয়ে এমএলএসে অভিষেক হয় পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি ও ডি পলের ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে কোচ হোয়োস জানান, তাঁদের দ্রুত মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘আমরা তাদের ওপর পূর্ণ আস্থা রাখি এবং খুব যত্ন করি। তারা তখনই ফিরবে, যখন নিজেদের শতভাগ প্রস্তুত মনে করবে। তারা গত কয়েক সপ্তাহে অত্যন্ত কঠিন সময় পার করেছে।’

বিশ্বকাপের দীর্ঘ সূচি ও টানা ম্যাচের ধকলের কথাও তুলে ধরেন ইন্টার মায়ামির কোচ। তাঁর ভাষায়, ‘প্রায় ৫০ দিন ধরে তারা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। বিশ্বকাপ অসাধারণ একটি আসর হলেও এটি খেলোয়াড়দের ওপর শারীরিক ও মানসিকভাবে বিশাল চাপ সৃষ্টি করে। তাই তারা এই বিশ্রামের পুরোপুরি যোগ্য। প্রস্তুত হলেই তারা দলে ফিরবে।’

বর্তমানে বিশ্বকাপ শেষে পরিবারের সঙ্গে আর্জেন্টিনার রোসারিও শহরে সময় কাটাচ্ছেন মেসি। যদিও তাঁর ফেরার নির্দিষ্ট তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি ইন্টার মায়ামি। তবে ক্লাব সূত্রে ধারণা করা হচ্ছে, আগস্টের শুরুতে, সম্ভবত ১ আগস্টের দিকে তিনি দলের অনুশীলনে যোগ দিতে পারেন।

এদিকে সপ্তাহান্তে সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে এবং ২ আগস্ট কলম্বাস ক্রুর বিপক্ষে এমএলএসের ম্যাচে মেসির খেলার সম্ভাবনা খুবই কম। তবে ৫ আগস্ট শুরু হতে যাওয়া লিগস কাপ থেকেই তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা করছে ইন্টার মায়ামি। ওই দিন অ্যাটলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে ফ্লোরিডার ক্লাবটি।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে আগেভাগেই বিদায় নেওয়ার পর লিগস কাপকে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে দেখছে ইন্টার মায়ামি। তাই মেসিকে পুরোপুরি ফিট অবস্থায় মাঠে ফেরাতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্লাবটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank