

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের আজমিরীগঞ্জে পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের মেঝে ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বদলপুর ইউনিয়নের বিদ্যালয়টিতে চতুর্থ শ্রেণির ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্লাস চলার সময় হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে বড় ধরনের ফাটল দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই মেঝের একাংশ নিচের দিকে ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়।
আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা ও আজিনুর মিয়া, আবু ছালেক মিয়ার ছেলে আব্দুল মান্নান মিয়া এবং ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া। তারা সবাই চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, ক্লাস চলাকালে হঠাৎ মেঝে ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেঝের একপাশের বালি ও মাটি সরে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিদ্যালয়ের ভবনটি নতুন বলে জানান তিনি।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডির প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


