মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ বোতল কোরেক্সসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের স্পেশাল ফোর্স শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে বিক্রির অভিযোগ ওঠে।

গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সূত্র আরও জানায়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করার পর সোমবার এই অভিযান চালানো হয় এবং উদ্ধার হওয়া মাদকের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, শুনেছি ডিবির গোয়েন্দা বিভাগ কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাকে এখনো কিছু জানানো হয়নি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযুক্তরা পুলিশ সদস্য হলেও ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank