

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শনের ঘটনায় আলবিসেলেস্তেদের অন্তত ছয়জন ফুটবলারকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে ফিফা।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় মাঠে ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’ (মালভিনাস বা ফকল্যান্ড আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। সেমিফাইনালের আগে ও পরে তাদের ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধসংক্রান্ত স্লোগান দিতেও দেখা যায় বলে অভিযোগ উঠেছে।
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, ফুটবল মাঠে রাজনৈতিক বার্তা, ব্যানার বা স্লোগান প্রদর্শন নিষিদ্ধ। এ ঘটনায় যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা এড ডেভি ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন এবং জড়িত খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এড ডেভি বলেন, ফিফার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। রাজনৈতিক বার্তা প্রদর্শনের মাধ্যমে আর্জেন্টাইন খেলোয়াড়রা শৃঙ্খলাবিধি লঙ্ঘন করেছেন। তার দাবি, এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং ১৯৮২ সালের যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের জন্য অপমানজনক।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে রাজনৈতিক স্লোগানের ঘটনায় স্পেনের রদ্রি ও আলভারো মোরাতাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। একই ধরনের শাস্তি এবারও প্রয়োগের আহ্বান জানান তিনি।
ডেভির দাবি, যে ছয়জন খেলোয়াড় ব্যানারটি ধরে উদযাপনে অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে বিশ্বকাপের ফাইনাল থেকে নিষিদ্ধ করা উচিত।
ব্রিটিশ গণমাধ্যমের প্রকাশিত ছবিতে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস ও জিওভানি লো সেলসোকে ব্যানার হাতে দেখা গেছে। এছাড়া ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেস এক সাক্ষাৎকারে বলেন, ‘ফকল্যান্ড সব সময়ই আর্জেন্টিনার থাকবে।’
এদিকে, ফিফা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। শৃঙ্খলা কমিটি ম্যাচ কমিশনারের প্রতিবেদন ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংস্থাটি। তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করবে, স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনার কোনো ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।
