বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
ফাইল ছবি
expand

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াই শুধু ট্রফি জয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এবার প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে ‘ফিফা চ্যাম্পিয়নশিপ রিং’।

যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির জনপ্রিয় ঐতিহ্য অনুসরণ করে এই বিশেষ সম্মাননা চালু করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ফিফা এক ঘোষণায় জানায়, বিশ্বকাপজয়ী দলের জন্য বিশেষ নকশায় তৈরি করা হয়েছে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং।

এর মধ্যে ৩০টি রিং দেওয়া হবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের। ফাইনাল শেষে দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী রিং তুলে দেওয়া হবে। পরে তাদের জন্য ব্যক্তিগত নাম ও পরিচয় সংবলিত বিশেষ সংস্করণের রিং তৈরি করে দেওয়া হবে।

ফিফা জানিয়েছে, বাকি ১ হাজার ৯৯৬টি রিং বিশ্বজুড়ে সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে। অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে এগুলো সংগ্রহ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

বিশেষ এই রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি এবং অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের লোগো। রিংগুলোতে হীরা ও নীলকান্তমণি (স্যাফায়ার) ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরও আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ করে তুলবে।

যদিও বিশ্বকাপে রিং দেওয়ার ধারণা একেবারে নতুন নয়। ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর ফ্রান্স দলের কয়েকজন ফুটবলার নিজেদের উদ্যোগে হীরাখচিত স্মারক রিং তৈরি করেছিলেন। তবে সেটি ছিল ব্যক্তিগত উদ্যোগ। এবারই প্রথম ফিফা আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপজয়ী দলের জন্য চ্যাম্পিয়নশিপ রিং চালু করল।

ফিফা এখনো জানায়নি, এই রিং ভবিষ্যতের বিশ্বকাপেও দেওয়া হবে কি না, নাকি ২০২৬ আসরেই এটি সীমাবদ্ধ থাকবে।

রোববার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল শেষে জানা যাবে, ইতিহাসের প্রথম ফিফা চ্যাম্পিয়নশিপ রিং কার হাতে উঠছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank