রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ক্লোসে-ম্যারাডোনাকে ছাড়িয়ে অবিশ্বাস্য রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বয়স যেন লিওনেল মেসির কাছে কেবলই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনা অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে একটি অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে দুই নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার অনুপ্রেরণায় অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির দারুণ কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ড্যান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। তবে কিছুক্ষণ পর ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা ১০-এ উন্নীত করেন মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুই অঙ্কের অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন তিনি। এতদিন আট অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই রেকর্ড এখন এককভাবে নিজের করে নিলেন বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক।

এতেই শেষ নয়। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে মেসির ১৫তম ম্যাচ। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

এক ম্যাচে ম্যারাডোনা ও ক্লোসের দুটি রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এখন তার সামনে রয়েছে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর হাতছানি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup