

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) সকালে চা বাগানের একটি আকাশমণি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা এবং মৃত চম্পক রেলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশ রেলী ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। স্থানীয়দের দাবি, গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
সোমবার সকালে স্থানীয়রা চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানা পুলিশকে খবর দেন। পরে এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সমীচীন হবে না।