

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। শক্তির বিচারে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও ভীত নন নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন। তার বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাও সম্ভব।
রোববার বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, ব্রাজিল এখনও ফেবারিট, তবে আগের মতো অপ্রতিরোধ্য নয়।
তিনি বলেন, ব্রাজিল এখনো ফেবারিট। তবে তারা হয়তো আগের মতো সেই একচ্ছত্র ফেবারিট নয়। সম্ভাবনাকে শতকরা হিসাবে মাপা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা করতে হলে মাঠে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। ব্রাজিলকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই আছে।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করে শেষ ষোলোয় ওঠা নরওয়ের সামনে এবার সবচেয়ে কঠিন পরীক্ষা। কার্লো আনচেলত্তির আক্রমণভাগকে সামলানোই হবে দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সোলবাকেন।
জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রাজিলের ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়রা নানা ধরনের কম্বিনেশন তৈরি করতে পারে। আমরা সেটি কতটা সামলাতে পারি, সেটাই দেখার বিষয়।
তারা চারজন আক্রমণভাগের খেলোয়াড় নিয়েও খেলতে পারে, যেমন জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিল। তাদের গতি ও আক্রমণের সঙ্গে তাল মিলিয়ে চলাই হবে আমাদের বড় পরীক্ষা।
ইতিহাস অবশ্য নরওয়ের জন্য কিছুটা আশাব্যঞ্জক। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি। এ প্রসঙ্গে ব্রাজিলকে হারানো বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হবে কি না-এমন প্রশ্নের জবাবে সোলবাকেন বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমারও মনে হয়, সেটি হলে বড় একটি অঘটনই হবে।”
ম্যাচটিতে বিশেষ নজর থাকবে আর্লিং হলান্ড ও ব্রাজিলের রক্ষণভাগের লড়াইয়ে। তবে ব্যক্তিগত দ্বৈরথের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নরওয়ের কোচ।
তিনি বলেন, ব্রাজিলের রক্ষণজুটি গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিয়োস বিশ্বমানের ডিফেন্ডার। তবে শেষ পর্যন্ত এটি ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ। মাঠে কিছু ব্যক্তিগত লড়াই অবশ্যই হবে, কিন্তু ম্যাচের ফল নির্ধারণ করবে দুই দলের সামগ্রিক পারফরম্যান্স।
বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামছে নরওয়ে। ফেবারিট ব্রাজিলকে হারিয়ে বড় চমক দেখানোর স্বপ্ন দেখছেন সোলবাকেন ও তার শিষ্যরা।


