রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল নরওয়ে ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৭:২২ এএম
ভিনিসিয়ুস ও হালান্ডরা মাঠে নামবেন আজ
expand
ভিনিসিয়ুস ও হালান্ডরা মাঠে নামবেন আজ

বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে রোববার রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। শক্তিশালী এই লড়াইকে ঘিরে সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।

২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে করা বিশ্লেষণে স্পষ্টভাবে এগিয়ে রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

অপ্টার তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ২৪ শতাংশ।

শুধু ম্যাচ জয়ের সম্ভাবনাই নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার হিসাবেও এগিয়ে সেলেসাওরা। সব ধরনের সম্ভাবনা মিলিয়ে ব্রাজিলের শেষ আটে ওঠার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ। এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের শেষ ষোলোর সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তারা। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যখন আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।

অন্যদিকে নরওয়ে এবারই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেয়েছে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ইউরোপের দলটি। সেই ম্যাচে ৮৬তম মিনিটে জয়সূচক গোল করেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।

এর আগে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে দুটি ম্যাচ খেললেও দুটিতেই ইতালির কাছে হেরেছিল নরওয়ে।

ব্রাজিলও শেষ ষোলো নিশ্চিত করেছে লড়াই করে। রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচে কাসেমিরো সমতাসূচক গোল করার পর শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। জাপানের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কাইশু সানো।

সুপার কম্পিউটারের পূর্বাভাসে ব্রাজিল এগিয়ে থাকলেও নকআউট পর্বের ফুটবলে চমকের সম্ভাবনা সবসময়ই থাকে। তাই আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে জয় তুলে নিতে ব্রাজিলকে নিজেদের সেরাটাই খেলতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup