

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রথমার্ধজুড়ে আক্রমণের ধার দেখিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি পেয়েছে ফ্রান্স। একাধিক সুযোগ নষ্ট ও দুটি শট পোস্টে লাগার পর প্রথমার্ধের শেষ মিনিটে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে সুইডেনের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেছে দিদিয়ের দেশঁর দল।
নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বুধবার (১ জুলাই) রাউন্ড অব-৩২ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও সুইডেন। এদিন শুরুতে সুইডেন রক্ষণে সংগঠিত থেকে পাল্টা আক্রমণের কৌশল নিলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় ফ্রান্স। ২০তম মিনিটে এমবাপ্পে একবার বল জালে জড়ালেও খুব অল্প ব্যবধানে অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়।
এরপর ফ্রান্সের আক্রমণের চাপ আরও বাড়তে থাকে। ৩০তম মিনিটে আদ্রিয়েন রাবিওর নিচু শট দারুণ দক্ষতায় পায়ে ঠেকিয়ে ফেরান সুইডিশ গোলরক্ষক জ্যাকব জেটারস্ট্রম। দুই মিনিট পর জুল কুন্দের পাস থেকে এমবাপ্পের শট পোস্টে লেগে ফিরে আসে।
৩৬তম মিনিটে মাইকেল অলিসে বক্সের ভেতর দুর্দান্ত এক ওভারহেড কিকে আবারও পোস্ট কাঁপান। ফিরতি বলে উসমান দেম্বেলের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর এমবাপ্পে ও অলিসের আরও দুটি প্রচেষ্টা ঠেকিয়ে সুইডেনকে ম্যাচে রাখেন জেটারস্ট্রম।
তবে প্রথমার্ধের শেষ মিনিটে আর রক্ষা হয়নি সুইডেনের। কর্নার থেকে দেম্বেলে ও অলিসের ছোট পাসের সমন্বয়ের পর বল পেয়ে বক্সের বাঁ দিক থেকে ভেতরে ঢুকে বাঁকানো শটে দূরের কোণে বল জড়িয়ে দেন এমবাপ্পে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। এ নিয়ে বিশ্বকাপে ১৮ ম্যাচে ১৭ গোলের দেখা পেলেন এমবাপ্পে। তাতে তিনি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার বনে গেলেন। ২৪ ম্যাচে ১৬ গোল ছিল জার্মান তারকার। এমবাপ্পের সামনে এখন কেবল লিওনেল মেসি। ২৯ ম্যাচে ১৯ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলস্কোরার এখনো আর্জেন্টাইন মহাতারকা।
এদিকে যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল সুইডেন। অ্যান্থনি এলাঙ্গার ক্রস থেকে বল পেয়ে স্ট্রাউড লক্ষ্যভ্রষ্ট শট নিলে ব্যবধান আর বাড়েনি বা কমেনি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফ্রান্স।

