সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:১৬ এএম আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:৫৭ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপ এলেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে ভাগ হয়ে যায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের খেলা দেখতে গভীর রাত কিংবা ভোর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায় না তাদের কাছে।

বাংলাদেশি সমর্থকদের এই উন্মাদনার কথা জানেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও। তাই জাপানের বিপক্ষে জয়ের পর বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের।

শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে দলের সমতাসূচক গুরুত্বপূর্ণ গোলটি করেন কাসেমিরো। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

ম্যাচ শেষে মিক্সড জোনে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে কাসেমিরো বলেন, ‘সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ।’ তার এই সংক্ষিপ্ত বার্তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু গোল করেই নয়, এদিন ব্যক্তিগত এক অনন্য রেকর্ডও গড়েছেন কাসেমিরো। বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলে এখনও কোনো পরাজয়ের স্বাদ পাননি তিনি। এই কীর্তিতে তিনি স্পর্শ করেছেন ফুটবল কিংবদন্তি মারিও জাগালো, হুলিও ওলার্তিকোয়েচা, মেমফিস ডিপাই ও ডালি ব্লিন্ডের রেকর্ড।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে কাসেমিরো জানান, প্রথমার্ধে জাপানের শক্ত রক্ষণভাগের কারণে গোলের সুযোগ তৈরি করা কঠিন হয়ে পড়েছিল। বিরতিতে কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের ধৈর্য ধরে খেলার পরামর্শ দেন।

কাসেমিরো বলেন, ‘দ্বিতীয়ার্ধে কোচ আমাদের শান্ত থাকতে বলেছেন। তিনি বলেছিলেন, ম্যাচে আধিপত্য আমাদেরই, সুযোগ আসবেই। আমরা সেই পরিকল্পনাই অনুসরণ করেছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি।’

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল এখন শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল। আর সেই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে হৃদয়ও জয় করলেন কাসেমিরো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank