সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউট ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে সুখবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:০২ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের নকআউট ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে সুখবর পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই মাঠে নামতে পারেন এই ডিফেন্ডার।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে রোমেরোর ফিরে আসা কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির খবর। পুরোপুরি ফিট থাকলে তাকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান ২৮ বছর বয়সী রোমেরো। ম্যাচের ৫৭তম মিনিটে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন তিনি। সেই চোটের কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে ছাড়াই খেলতে হয় আর্জেন্টিনাকে। তার জায়গায় দলে সুযোগ পান অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি। তবে রোমেরোকে ছাড়াও ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ পর্ব শতভাগ সাফল্যের সঙ্গে শেষ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

জর্ডান ম্যাচের পর স্কালোনি জানিয়েছিলেন, নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাওয়ার আশা করছেন তিনি। সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিয়েছে। ক্যানসাস সিটিতে একদিন বিশ্রামের পর সোমবার দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

আর্জেন্টিনার রক্ষণভাগে গত কয়েক বছরে অন্যতম ভরসার নাম রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাই নকআউট পর্বের মতো কঠিন লড়াইয়ের আগে তার প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করা হচ্ছে।

গ্রুপ পর্বে টানা তিন জয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার সামনে এখন কেপ ভার্দে বাধা। সেই ম্যাচের আগে রোমেরোর ফিট হয়ে ওঠা স্কালোনির পরিকল্পনায় নতুন শক্তি যোগ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank