মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে স্কেলের গেজেট জুলাইয়ে, সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ?

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সব ঠিক থাকলে আগামী মাসের (জুলাই) মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে।

এবার গ্রেড ভেদে কর্মচারীদের বেতন ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি পর্যালোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। দুই ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে এ জন্য ৪৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে নীতিনির্ধারক পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবিএএসপ্লাসে জটিলতা সৃষ্টি না করতে একবারেই মূল বেতন কার্যকর করা যৌক্তিক মনে করছে অর্থ বিভাগ। সে কারণে সামগ্রিক প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করতে চায় কমিটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে ২০টি গ্রেডে বেতন পান সরকারি চাকরিজীবীরা। এ মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডে প্রায় ১০০ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়টি পর্যালোচনায় আছে। আর নিম্ন আয়ের ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ১৩০ শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির বিষয়টিও সংশ্লিষ্টরা বিবেচনা করছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন।

এ জন্য প্রাথমিকভাবে ৪৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। নেট পাবলিক সার্ভিস খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে এ অর্থের সংস্থান করা হতে পারে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতনে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধিসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও বাড়ানোর কথা বলা হয়েছিল।

জানা গেছে, দুই ধাপে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে পারে সরকার। এর মধ্যে জুলাই থেকেই মূল বেতনে পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সে জন্য চলতি সপ্তাহেই পে কমিশনের সুপারিশ মূল্যায়ন ও বাস্তবায়নের রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হেতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি এটি জমা দেবে।

বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত তিনটি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘জটিলতা এড়াতে এবং কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল দুই ধাপে কার্যকরের সুপারিশ করতে যাচ্ছে সচিব কমিটি। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছর থেকে শতভাগ বেসিক বৃদ্ধি এবং ২০২৭-২৮ অর্থবছর থেকে ভাতা বৃদ্ধির সুপারিশ করবে সচিব কমিটি।

শতভাগ বেসিক বৃদ্ধি করলে বিভিন্ন ভাতা কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘কিছু ভাতা কমানোর হতে পারে। শিগগিরই সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে। তখন কোন কোন ভাতা কমানো হতে পারে সেটি পরিস্কার হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup