

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট অথবা নরওয়ে।
শেষ বত্রিশের ম্যাচে শুরুটা অবশ্য ব্রাজিলের জন্য সুখকর ছিল না। ম্যাচের ২৯তম মিনিটে সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। বলের দখল নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। এর ফলও পেয়ে যায় ৫৬তম মিনিটে। ব্যাক পোস্টে দারুণ এক হেডে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো।
সমতা ফেরানোর পরও জয়ের জন্য মরিয়া ছিল ব্রাজিল। তবে জাপানের সংগঠিত রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর আভাস মিলছিল।
কিন্তু ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ব্রাজিলকে এনে দেন কাঙ্ক্ষিত জয়। ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের ফলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এখন তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। দুই দল আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে।
আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

