সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:০৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। মঙ্গলবার রাতের ম্যাচের ফলই নির্ধারণ করবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তবে সম্ভাব্য দুই প্রতিপক্ষের মধ্যে একটির বিপক্ষে তাদের রেকর্ড দারুণ, অন্যটির বিপক্ষে একেবারেই হতাশাজনক।

বিশ্বকাপের ইতিহাসে আইভরি কোস্টের বিপক্ষে মাত্র একবার খেলেছে ব্রাজিল। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় সেলেসাওরা।

সেই ম্যাচে লুইস ফ্যাবিয়ানো জোড়া গোল করেন, আর একটি গোল করেন এলানো। আইভরি কোস্টের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের কাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল।

অন্যদিকে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ইতিহাস একেবারেই সুখকর নয়। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয়ের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে হেরেছে এবং বাকি দুটি ড্র করেছে।

সবচেয়ে স্মরণীয় পরাজয়টি আসে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। সেলেসাওদের হয়ে একমাত্র গোল করেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

বিশ্বকাপের সেই জয়ের বাইরে ১৯৯৭ সালে একটি প্রীতি ম্যাচেও ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল নরওয়ে। এছাড়া ১৯৮৮ ও ২০০৬ সালে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

এখন দেখার বিষয়, শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের সামনে আসে পরিচিত প্রতিপক্ষ আইভরি কোস্ট, নাকি সেই নরওয়ে—যাদের বিপক্ষে এখনো জয়হীন থেকে গেছে সেলেসাওরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank