বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের খেলোয়াড়কে উদ্দেশ্য করে বিতর্কিত অঙ্গভঙ্গি, সমালোচনার মুখে কুনিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে নাটকীয় জয়ের পর বিতর্কে জড়িয়েছেন ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। জাপানের ডিফেন্ডার কেন্তো শিওগাইকে উদ্দেশ্য করে করা একটি অঙ্গভঙ্গির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রতিবেদন এনডিটিভির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডে জাপানকে নাটকীয়ভাবে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। ইনজুরি সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলের পর টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, কুনিয়া নিজের জার্সিতে থাকা ব্রাজিলের জাতীয় দলের প্রতীক (ক্রেস্ট) দেখিয়ে অন্য হাতে পাঁচ আঙুল তুলে ধরছেন।

অনেকের মতে, এই অঙ্গভঙ্গি ছিল জাপানের খেলোয়াড় কেন্তো শিওগাইয়ের মন্তব্যের জবাব। ম্যাচের আগে শিওগাই বলেছিলেন, ‘ব্রাজিল আর আগের মতো ফুটবলের পরাশক্তি নয়।’

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একাধিক স্টোরি দিয়ে নিজের আচরণের ব্যাখ্যা দেন কুনিয়া। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও তিনি জানান, এটি ছিল ব্রাজিলের জার্সির সম্মান রক্ষার প্রতীকী প্রতিক্রিয়া।

কুনিয়া বলেন, ‘সব ধরনের সম্মান রেখেই বলছি, এমন সফল একটি ব্রাজিল জাতীয় দল সম্পর্কে যদি কোনো জাপানি খেলোয়াড় এমন মন্তব্য করেন, সেটা মেনে নেয়া কঠিন। একজন ব্রাজিলিয়ান যদি নিজের দেশ সম্পর্কে সমালোচনা করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাইরের কেউ এমন বললে আমরা সবাই একসঙ্গে এর জবাব দেব। এটি মূলত এই জার্সির মর্যাদা, আমাদের আগের কিংবদন্তিরা এই জার্সি পরে যা অর্জন করেছেন এবং আজ আমরা এই জার্সি গায়ে চাপাতে যে পথ পেরিয়ে এসেছি, তার প্রতি সম্মান জানানোর বিষয়।’

ইনস্টাগ্রামে কুনিয়া জাপানের বিপক্ষে জয়ের কয়েকটি ছবি পোস্ট করে শিওগাইকে উদ্দেশ্য করে লেখেন, ‘এবার আমাদের সম্পর্কে একটু বেশি জানলে।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আমরা কারও চেয়ে বড় নই, আবার কারও চেয়ে ছোটও নই।’ একটি পোস্টে তিনি ব্রাজিলের পতাকার ইমোজির সঙ্গে কেনড্রিক লামারের জনপ্রিয় গান ‘হাম্বল’-ও যুক্ত করেন।

তবে বিতর্কের মধ্যেও কুনিয়ার মানবিক দিকটি নজর কেড়েছে। ম্যাচ শেষে সতীর্থদের উচ্ছ্বাস থেকে সরে এসে কান্নায় ভেঙে পড়া জাপানের মিডফিল্ডার আও তানাকাকে সান্ত্বনা দিতে দেখা যায় তাকে। শেষ বাঁশি বাজার পর টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় তানাকা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।

উল্লেখ্য, জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বিশ্বকাপের চূড়ান্ত দলে তাকে রাখা হবে কি না, তা নিয়ে আগে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুযোগ পেয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Sweden
13'
0 - 0
World Cup