শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হারলেও নকআউটে যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১০:৫৫ এএম
যুক্তরাষ্ট্র-তুরস্ক ম্যাচের দৃশ্য
expand
যুক্তরাষ্ট্র-তুরস্ক ম্যাচের দৃশ্য

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। তবে নাটকীয় এই জয়ও তাদের নকআউট পর্বে ওঠার জন্য যথেষ্ট হয়নি। অন্যদিকে প্রথম পরাজয়ের স্বাদ পেলেও গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। তৃতীয় মিনিটেই কর্নার থেকে ট্রাস্টির গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়ায় তুরস্ক।

১০ মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে সমতা ফেরান তরুণ তারকা আর্দা গুলার। এরপর ৩১তম মিনিটে চমৎকার পাসিং মুভের সমাপ্তি টেনে গোল করেন ইয়িলমাজ। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরে যুক্তরাষ্ট্র। বিরতির চার মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান বেরহাল্টার। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালালেও জয়সূচক গোলের দেখা পাচ্ছিল না।

ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয়। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে উজুনের বাড়ানো বল থেকে ফাঁকা জালে জড়িয়ে দেন বদলি খেলোয়াড় আয়হান। তার গোলেই ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে তুরস্ক।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে গোলশূন্য থাকা তুরস্ক শেষ ম্যাচেই তিনবার প্রতিপক্ষের জাল খুঁজে পায়। তবে এই জয় সত্ত্বেও তিন পয়েন্ট নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে তাদের।

অন্যদিকে, এই ম্যাচে হেরে টুর্নামেন্টে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখলেও গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। শেষ ৩২-এর লড়াইয়ে আগামী ১ জুলাই তাদের প্রতিপক্ষ হবে বসনিয়া ও হার্জেগোভিনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup