

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জাপান। গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে ওঠা ব্লু সামুরাইদের সামনে এবার কঠিন পরীক্ষা প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে কঠিন চ্যালেঞ্জের আগে আত্মবিশ্বাস হারাচ্ছেন না জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু। একই সঙ্গে তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন।
সুইডেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোরিয়াসু রসিকতার সুরে বলেন, আমি চোখ বন্ধ করে এটা বলছি, আশা করি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। আমার মতে বর্তমান বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল আর্জেন্টিনা। তবে এজন্য ব্রাজিলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
আগামী ২৯ জুন হিউস্টনে ব্রাজিলের বিপক্ষে নকআউট ম্যাচ খেলবে জাপান। সেই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিরও প্রশংসা করেন জাপানি এই কোচ।
মোরিয়াসু বলেন, আমি আনচেলত্তিকে অসাধারণ একজন কোচ হিসেবে দেখি। চ্যাম্পিয়ন্স লিগে তার সাফল্য এবং ইউরোপের পাঁচটি বড় লিগে শিরোপা জয়ের কীর্তি তাকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। আমি হয়তো কখনোই তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেটিও সফলভাবে করছেন।
ব্রাজিলকে সম্মান জানালেও নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী জাপান কোচ। তার বিশ্বাস, শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলতে পারলে চমক দেখানো সম্ভব।
তিনি বলেন, ব্রাজিলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য বড় অভিজ্ঞতা হবে। তারা প্রায় নিখুঁত একটি দল। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদেরও জয়ের সুযোগ রয়েছে। সেই বিশ্বাস নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি।
সাম্প্রতিক এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর স্মৃতিও তুলে ধরেন মোরিয়াসু। তার মতে, সেই জয় প্রমাণ করেছে জাপানকে আর সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই।
আগে জাপানকে ব্রাজিল সহজ প্রতিপক্ষ মনে করত। কিন্তু সর্বশেষ প্রীতি ম্যাচে আমরা দেখিয়েছি, এখন আর পরিস্থিতি আগের মতো নেই। এটা আমাদের উন্নতিরই প্রমাণ। অবশ্যই ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল, আমরা তাদের যথাযথ সম্মান করি। তবে মাঠে কী হবে, সেটা আগে থেকে বলা যায় না। আমাদেরও জয়ের সুযোগ থাকবে,” বলেন তিনি।
এবারের বিশ্বকাপে নতুন একটি রেকর্ডও গড়েছে জাপান। গ্রুপ পর্ব শেষে দলটির গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত, যা এক বিশ্বকাপে দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৮ বিশ্বকাপে ছয় গোল করেছিল জাপান।
এছাড়া টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্লু সামুরাইরা। সব মিলিয়ে এটি তাদের পঞ্চমবার শেষ ষোলোতে ওঠার কীর্তি। এখন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে এশিয়ার দলটি।
