বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সতর্ক আর্জেন্টিনা, জর্ডান ম্যাচে আসছে বড় পরিবর্তন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ফলাফলের চাপ না থাকায় দল ঘিরে এখন মূল ভাবনা পরবর্তী রাউন্ডকে সামনে রেখে। সেই পরিকল্পনার অংশ হিসেবে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনার পথে হাঁটছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর খবর, অধিনায়ক লিওনেল মেসিকে জর্ডানের বিপক্ষে পুরো ম্যাচ খেলানোর ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাকে সীমিত সময় মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। তিনি শুরু থেকে খেলবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোর আগে মেসিকে সতেজ ও চোটমুক্ত রাখাই কোচিং স্টাফের প্রধান লক্ষ্য। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর, জর্ডানের বিপক্ষে কোনো না কোনো সময় মাঠে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ককে। চলতি আসরে পাঁচ গোল করে তিনি ইতোমধ্যে গোল্ডেন বুটের লড়াইয়ে অন্যতম শীর্ষ দাবিদার।

শুধু মেসি নন, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সম্প্রতি আঙুলের চোটে ভুগলেও তিনি এখন অনেকটাই সুস্থ। খেলতে আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানো হবে কি না, সেটি নির্ভর করবে কোচিং স্টাফের মূল্যায়নের ওপর।

নকআউট নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। রক্ষণভাগে গঞ্জালো মন্তিয়েলের ফেরার সম্ভাবনা রয়েছে। সেন্টার ব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গে মার্কোস সেনেসি বা ফাকুন্দো মেদিনার একজনকে দেখা যেতে পারে। বাঁ প্রান্তে খেলতে পারেন নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডেও পরিবর্তনের আভাস মিলছে। লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এজেকিয়েল পালাসিওস বা ভ্যালেন্তিন বারকোর একজনকে দায়িত্ব দেওয়া হতে পারে। আক্রমণাত্মক মিডফিল্ড ও উইংয়ে সুযোগ পেতে পারেন জিওভানি লো সেলসো এবং জুলিয়ানো সিমিওনে।

স্ট্রাইকিং পজিশনে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরু থেকেই মাঠে নামতে পারেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের কোনো এক পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে লোপেজও। আর যদি মেসিকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়, তাহলে তার জায়গায় আক্রমণভাগে দায়িত্ব নিতে পারেন তরুণ নিকোলাস পাজ।

সব মিলিয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু গ্রুপপর্বের শেষ লড়াই নয়, বরং নকআউটের আগে বেঞ্চের শক্তি যাচাই ও মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup