

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ঐতিহাসিক ম্যাচে ব্যবহৃত বলটি নিলামে তোলা হচ্ছে। এই বলেই কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন। নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বলটির প্রারম্ভিক দর নির্ধারণ করেছে ২৫ লাখ মার্কিন ডলার।
নিলাম প্রতিষ্ঠানটির ভাষ্য, ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে এটি একেবারে ‘হোলি গ্রেইল’ বা সবচেয়ে কাঙ্ক্ষিত সংগ্রহযোগ্য বস্তু। তাদের ধারণা, বলটির চূড়ান্ত মূল্য ২০২২ সালে একই ম্যাচে মারাদোনার পরা জার্সির ৯২ লাখ ডলারের রেকর্ডমূল্যের কাছাকাছি পৌঁছাতে পারে।
হেরিটেজ অকশনসের ক্রীড়া স্মারক বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেন, এই বলের সঙ্গে তুলনা করার মতো আর কোনো সংগ্রহযোগ্য বস্তু নেই।
‘এটি সত্যিকার অর্থেই একটিই আছে-এমন একটি স্মারক। আমার মতে, ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রহযোগ্য সামগ্রীর একটি,’—বার্তা সংস্থা রয়টার্সকে বলেন তিনি।
তিনি জানান, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে ঘিরে ফুটবল স্মারকের বাজারে আগ্রহ আরও বেড়েছে।
প্রোভেনজালের মতে, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া স্মারক সংগ্রহের বাজার। এখানেই এই বাজারের বিকাশ শুরু হয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে সংগ্রাহকের সংখ্যা দ্রুত বাড়ছে।
তিনি আরও বলেন, ‘আগে ক্রীড়া স্মারকের বাজার মূলত বাস্কেটবল, বেসবল, আমেরিকান ফুটবল ও আইস হকিকে কেন্দ্র করে ছিল। তবে গত ছয়-সাত বছরে ফুটবলের পাশাপাশি ফর্মুলা ওয়ান ও রেসলিংয়ের মতো খেলাধুলার স্মারক সংগ্রহের জনপ্রিয়তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
