

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার জুনিয়রকে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ স্কোরারের উপস্থিতির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
আজ যদি স্কটিশদের বিপক্ষে মাঠে নামেন, তবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে পেলে ও রিভালদোর সমকক্ষ হবেন এই ফরোয়ার্ড।
বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে সর্বোচ্চ ১৪টি ম্যাচ খেলার রেকর্ডটি যৌথভাবে পেলে ও রিভালদোর দখলে। পেলে চারবার এবং রিভালদো দুইবারের বিশ্বকাপ আসরে এই কীর্তি গড়েছিলেন। এই জার্সিতে নেইমারের ম্যাচ সংখ্যা এখন ১৩। ফলে আজ মাত্র ১ মিনিট মাঠে থাকলেই তিনি ব্রাজিলের এই দুই কিংবদন্তি আইডলকে ছুঁয়ে ফেলবেন।
দলে ফেরার এই ধাপে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সি জড়াতে যাচ্ছেন নেইমার। ধারণা করা হচ্ছে, শুরুতেই একাদশে না থেকে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্থের কোনো এক সময়ে মাঠে নামবেন। তবে কোচ আনচেলত্তির দাবি, নেইমার পুরো ম্যাচ খেলার জন্যই সম্পূর্ণ ফিট।
কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ও (নেইমার) পুরো ৯০ মিনিটই খেলতে পারবে। ও কঠোর পরিশ্রম করেছে এবং ওকে নিয়ে আমি ভীষণ খুশি।”
স্কটল্যান্ড ম্যাচের আগে টানা তৃতীয় দিনের মতো দলের সাথে স্বাভাবিক অনুশীলন করেছেন নেইমার। এই চোটের কারণেই চলতি বিশ্বকাপে মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। মজার ব্যাপার হলো, নেইমারের অনুপস্থিতিতে ওই দুই ম্যাচে ব্রাজিলের কোনো খেলোয়াড়ই ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেননি।
বিশ্বকাপের মঞ্চে টানা তিন ম্যাচ ব্রাজিলের ঐতিহ্যবাহী এই ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় ছাড়া মাঠে নামার সর্বশেষ নজির ছিল ১৯৬২ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে পেলে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পুরো টুর্নামেন্টে ব্রাজিলের ১০ নম্বর জার্সির আর কোনো ব্যবহার হয়নি।
নেইমারের এই প্রত্যাবর্তন আরেকটি ঐতিহাসিক মাইলফলককে সামনে নিয়ে এসেছে। জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন তিনি, যা ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১০৫টি ম্যাচ নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ফুটবল সম্রাট পেলে।
আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে ১০ নম্বর জার্সিতে নেইমারের ৯৮তম ম্যাচ পূর্ণ হবে। চলতি বিশ্বকাপেই সেলেসাওদের হয়ে এই বিখ্যাত জার্সিতে শততম (১০০) ম্যাচ খেলার ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি আর মাত্র ২ ম্যাচ দূরে থাকবেন।
অবশ্য রাজার (পেলে) এই রেকর্ড ছোঁয়া বা ভাঙার পথটি নেইমারের জন্য কিছুটা কঠিনই হয়ে উঠেছিল। দীর্ঘ বিরতির পর অবশেষে ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর কোনো ম্যাচ খেলা হয়নি এই তারকার।
