মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফার ফেসবুক পেজে মেসিকে নিয়ে বাংলায় পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’; লিওনেল মেসির জাদুকরী খেলাকে প্রখ্যাত বাউল সম্রাট শাহ আবদুল করিমের লেখা ও সুর করা গান দিয়ে এভাবেই ফুটিয়ে তুলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মেসির চিরচেনা উদযাপনের একটি ছবি পোস্ট করে এই বাংলা ক্যাপশন দিয়েছে তারা।

ছবিতে উল্লেখ করা হয়েছে মেসির বর্তমান বিশ্বকাপ গোলসংখ্যা ১৮। এছাড়া মূল পোস্টের ক্যাপশনে আরও লেখা হয়েছে, ‘মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেলেন!’

ফিফার এই বিশেষ পোস্টের পেছনে রয়েছে মেসির অবিশ্বাস্য এক বিশ্বকাপ অভিযান। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকে নকআউট পর্বে তোলেননি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুটও নিজের করে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে ইতিহাসের শীর্ষে উঠে গেছেন তিনি। মাত্র ২৮ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে ম্যাচটি মেসির জন্য শুধুই সাফল্যের ছিল না। প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করেন তিনি। আর সেই ব্যর্থতার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের করে নেন। এর আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে যৌথভাবে দুটি পেনাল্টি মিসের রেকর্ড ছিল তার। অস্ট্রিয়ার বিপক্ষে ব্যর্থ হওয়ার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।

মেসির পেনাল্টি মিসের সঙ্গে আরেকটি রেকর্ডও যুক্ত হয়েছে আর্জেন্টিনার নামে। টাইব্রেকার বাদে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচটি পেনাল্টি মিস করেছে এখন আর্জেন্টিনা। এই তালিকায় মেক্সিকো, ব্রাজিল, সুইডেন, পোল্যান্ড, ইতালি ও ঘানা রয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে, যাদের প্রত্যেকের পেনাল্টি মিসের সংখ্যা তিনটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup