

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা উঠেছে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর।
এর আগে স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয় জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করেছেন জনপ্রিয় পপ তারকা শাকিরা। আর পারফরম্যান্সকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ওঠেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা। নাইজেরিয়ার তারকা বার্না বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন তিনি। কিন্তু পারফরম্যান্সের পর থেকেই ভক্তদের একাংশ দাবি করছেন, মঞ্চে দেখা ব্যক্তি আসল শাকিরা নন, বরং তার মতো দেখতে কোনো ডাবল বা ইমপার্সনেটর।
পারফরম্যান্সে শাকিরার লুক ছিল সম্পূর্ণ ভিন্ন। হলুদ পোশাক, সাদা শর্টস, প্ল্যাটফর্ম স্নিকার্সের সঙ্গে তার চিরচেনা সোনালি চুল বদলে দেখা যায় হালকা স্ট্রবেরি রেড রঙে। বড় কালো সানগ্লাসে মুখের অনেকটা অংশ ঢাকা থাকায় এই পরিবর্তন আরও বেশি আলোচনার জন্ম দেয়।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা ধরনের মন্তব্য ও জল্পনা। অনেকেই তার মুখাবয়ব ও শারীরিক ভাষার পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কেউ কেউ সরাসরি লেখেন, এটি শাকিরার বডি ডাবল হতে পারে, আবার অনেকে বিষয়টিকে রসিকতার সঙ্গেও নিয়েছেন।
তবে এই বিতর্কের মধ্যেও শাকিরার পারফরম্যান্স ঘিরে আরেকটি দিকও সামনে এসেছে। সম্প্রতি আলোচিত ব্যক্তিগত জীবনের অধ্যায় পেরিয়ে এটি ছিল তার বড় আন্তর্জাতিক মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ উপস্থিতি। বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’-এর মাধ্যমে তিনি যেন নতুন করে নিজের গল্পই তুলে ধরেছেন।
গানটির লিরিক্সে উঠে এসেছে ভাঙা সম্পর্ক থেকে শক্ত হয়ে ওঠার বার্তা—‘যা তোমাকে একবার ভেঙেছে, তা-ই তোমাকে শক্তিশালী করেছে’।
এক সাক্ষাৎকারে শাকিরা বলেন, জীবনের নানা অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করেছে, যদিও তিনি নিজেকে অনেক সময় দুর্বল ভাবতেন। তার মতে, প্রতিটি অভিজ্ঞতার পেছনেই শিক্ষা থাকে এবং এমনকি যারা কষ্ট দেয়, তারাও জীবনের বড় শিক্ষা হয়ে থাকে।
