

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে ঢাকা অভিমুখী একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল খায়ের গ্রুপের একটি স্ক্র্যাপবোঝাই লরি চট্টগ্রামের একটি স্ক্র্যাপ ডিপো থেকে মালামাল নিয়ে ঢাকামুখী হয়ে কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ লরিটির ইঞ্জিন কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কেবিনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনা এড়াতে বার আউলিয়া হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে ঢাকা অভিমুখী একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।