

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে। নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন দাপুটে জয়কে বড় চমক হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়েও দেশটির সংবাদমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
বাংলাদেশের জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনে ক্রিকেটারদের অভিনন্দন জানানোর বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।
তাদের প্রতিবেদনের শিরোনামে বাংলাদেশের ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টির পাশাপাশি অস্ট্রেলিয়া দলে নতুন প্রতিভা খোঁজার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।
ক্রিকেট ডট কম ডট এইউ তাদের শিরোনামে লিখেছে, ‘ডারউইনে দুর্দান্ত টাইগারদের কাছে নাকাল অজিরা’।
অজিদের পরাজয়কে বিস্ময়কর আখ্যা দিয়ে এবিসি ডট নেট লিখেছে, ‘বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার বিস্ময়কর হার দীর্ঘদিনের উপেক্ষিত সমস্যাগুলো নিয়ে অবশেষে কঠিন আত্মসমালোচনার বার্তা দিল’।
সংবাদমাধ্যমটির আরেক খবরের শিরোনাম, ‘ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার হার: ‘দুর্দান্ত’ টাইগারদের কাছে নাকাল অজিরা’।
দ্য ক্রনিক্যাল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে এসেছে আতশি কাঁচের নিচে। রিকি পন্টিংয়ের কঠোর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান আর ডেভিড ওয়ার্নারের ওয়াদারাল্ড-লাবুশেন থেকে একজনকে বেছে নেওয়ার খবর ফলাও করে প্রচার করেছে তারা।
দ্য অস্ট্রেলিয়ান এক খবরের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে ডারউইনে ঐতিহাসিক হারের পর অস্ট্রেলীয় দলে কারও জায়গা নিশ্চিত নয়’।
অন্য খবরের শিরোনাম- ‘দেখে বিব্রত হতে হয়, মিশ্র পারফরম্যান্স: ডারউইন বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড়ের রেটিং’।
নিউজ ডট কম ডট এইউর শিরোনাম- ‘অস্ট্রেলিয়া লজ্জায়, বড় সংকটের আভাস’।
শুধু অস্ট্রেলিয়াতেই নয়, ইংল্যান্ডের সংবাদমাধ্যমেও বাংলাদেশের জয়টি গুরুত্ব পেয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে- ‘বাংলাদেশের কাছে লজ্জাজনক হার, ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে চূর্ণ করল টাইগাররা’।
এছাড়া টেলিগ্রাফের হেডলাইন- ‘অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেল স্বাগতিকরা’।
বিবিসি খবরের শুরুতেই লিখেছে, ‘ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে চূর্ণ করল টাইগাররা’।
ইতিহাসের অন্যতম সেরা টেস্ট দেখা দ্য টাইমসের শিরোনামও এমন- ‘টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা জয়গুলোর একটিতে অস্ট্রেলিয়াকে চূর্ণ করল বাংলাদেশ’।
বাংলাদেশের হারে অস্ট্রেলিয়া কতটা বিধ্বস্ত, তা স্পষ্ট স্কাই স্পোর্টসের খবরে। তারা লিখেছে- অস্ট্রেলিয়াকে স্তব্ধ করে ডারউইনে ঐতিহাসিক ৯ উইকেটের টেস্ট জয় বাংলাদেশের'। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক দিকটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
এদিকে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম বাংলাদেশের এই জয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পাকিস্তানের ডন, এক্সপ্রেস ট্রিবিউন, দুনিয়া নিউজ ও জিও নিউজও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে।


