রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেলওয়ে কর্মীদের ওপর হামলা, অভিনেত্রী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম
অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় ।। ছবি: সংগৃহীত
expand
অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় ।। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসার জেরে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীদের ওপর হামলার অভিযোগে মডেল ও অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ভারতের রেল পুলিশ।

পুলিশের অভিযোগ, গত ১২ আগস্ট অরাবলি এক্সপ্রেসের একটি সংরক্ষিত শীতাতপনিয়ন্ত্রিত কামরায় উঠে আরপিএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান অন্তরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পোশাক খুলে ব্লেড হাতে নিয়ে হামলার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুটিংয়ের কাজে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি অরাবলি এক্সপ্রেসের সংরক্ষিত এসি কামরায় উঠেছিলেন বলে অভিযোগ।

রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরিবলি ও ডহানুর মধ্যবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় করা এফআইআরের তথ্য অনুযায়ী, এক যাত্রী অন্তরাকে সংরক্ষিত আসন ছেড়ে দিতে অনুরোধ করেন। তিনি এতে রাজি না হওয়ায় বিষয়টি রেল কর্তৃপক্ষ ও আরপিএফকে জানানো হয়।

এরপর আরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর যামিনীকান্ত মিশ্র ও কনস্টেবল রাজেশ কুমার ওই কামরায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের অভিযোগ, তখন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিনেত্রী।

এফআইআরে আরও বলা হয়েছে, একপর্যায়ে অন্তরা নিজের পোশাক খুলে ফেলেন এবং হাতে রেজর ব্লেড নিয়ে আরপিএফ সদস্যদের ভয় দেখান। পরে ওই ব্লেড দিয়ে একজন কর্মীকে আঘাত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় অন্তরাও আহত হন বলে পুলিশ জানিয়েছে।

আরপিএফের কর্মকর্তা যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, অন্তরা তার পোশাক ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত করেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় কামরার দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন কামরা থেকে বের হওয়ার জন্য জানালার কাচ ভাঙার চেষ্টা করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

পরে ট্রেনটি ডহানু স্টেশনে পৌঁছালে অন্তরাকে নামিয়ে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank