সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

চা শিল্পের বিদ্যমান সংকট ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সুপারিশ দিতে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই কমিটির সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রীকে নবগঠিত এই কমিটির সভাপতি করার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মাইনউদ্দিন হাসান।

প্রজ্ঞাপন অনুযায়ী, চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের চাপ কমানোর উপায় নিয়ে কাজ করবে কমিটি। এ জন্য শ্রেণিকৃত (ক্ল্যাসিফাইড) ঋণ পুনঃতফসিল করা এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে তারা।

চা শিল্পের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়েও মতামত দেবে কমিটি। এ ছাড়া চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণার বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে মতামতসহ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

চা বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপনের সম্ভাবনাও পর্যালোচনা করবে কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে তাদের।

প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank