বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফল্যের রহস্য জানালেন বৈভব সূর্যবংশী

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
বৈভব সূর্যবংশী ।। ছবি: সংগৃহীত
expand
বৈভব সূর্যবংশী ।। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি জিতেছেন সিরিজসেরার পুরস্কার। বয়সের হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন স্বীকৃতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই এখন সবচেয়ে কনিষ্ঠ।

তবে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলের জন্য অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজ শেষে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার পাওয়ার অনুভূতি বিশেষ হলেও তার লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে দলকে ভালো শুরু এনে দেওয়া।

আয়ারল্যান্ড সফরে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি বৈভবের। এরপর ইংল্যান্ড সিরিজে অভিষেকের সুযোগ পেয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে নির্বাচকদের আস্থা অর্জন করেন। সেই ধারাবাহিকতায় জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ম্যাচেই খেলেন তিনি। সিরিজে করেন ৫০, ২০ ও ৮১ রান।

হারারের মাঠের সঙ্গে নিজের পরিচিতির কথাও উল্লেখ করেছেন বৈভব। এর আগে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে একই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা থাকায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি বলে জানান তিনি। প্রস্তুতি পর্ব, কোচিং স্টাফ এবং অধিনায়কের সমর্থনও তার আত্মবিশ্বাস বাড়িয়েছে।

ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে বৈভবের ব্যাখ্যা, টি–টোয়েন্টিতে তিনি নিজের স্বাভাবিক খেলাই খেলতে চান। পাওয়ারপ্লেতে ইতিবাচক শুরু এনে দেওয়া এবং সেটিকে বড় ইনিংসে রূপ দেওয়ার চেষ্টা ছিল তার মূল লক্ষ্য। অনুশীলনে যেসব শট নিয়মিত খেলেন, ম্যাচেও সেগুলোই প্রয়োগ করার চেষ্টা করেন বলে জানান এই তরুণ।

অন্যদিকে, সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার মতে, দলের সবচেয়ে বড় শক্তি তাদের নির্ভীক মানসিকতা। টানা ম্যাচের চাপের মধ্যেও ক্রিকেটাররা যেভাবে উদ্যম ধরে রেখেছে, সেটি দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা।

আইয়ার মনে করেন, তরুণদের সেরাটা বের করে আনতে অধিনায়কের অন্যতম দায়িত্ব হলো তাদের চাপমুক্ত রাখা। খেলোয়াড়রা যখন স্বাচ্ছন্দ্য নিয়ে খেলতে পারে, তখনই তাদের স্বাভাবিক দক্ষতা সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় বলেও মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন