

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল মাঠে অসংখ্য গোল, ট্রফি ও রেকর্ড গড়ার পর এবার অভিনয় জগতে অভিষেক হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। বড় বাজেটের ব্রিটিশ টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ফার্স্টস’ (Day 1s)- এ প্রথমবারের মতো অভিনয় করবেন তিনি। একইসঙ্গে সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।
রোনালদোর সঙ্গে সিরিজটিতে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি। ব্রিটিশ ফুটবলের নেপথ্যের নানা গল্প নিয়ে নির্মিত এই সিরিজে খেলোয়াড়দের দলবদল, চুক্তি, এজেন্টদের ভূমিকা, সম্পর্কের টানাপোড়েন এবং ফুটবল শিল্পের অজানা নানা দিক তুলে ধরা হবে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটন। কাল্পনিক এই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস। ফুটবলের রোমাঞ্চের পাশাপাশি এতে থাকবে নাটকীয়তা, হাস্যরস ও মানবিক নানা গল্প।
ইতোমধ্যে ইংল্যান্ডে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বারনেট স্টেডিয়ামে ধারণ করা হয়েছে বেশ কয়েকটি দৃশ্য। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন রোনালদো।
নতুন এই যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ ও নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
ফুটবল-পরবর্তী ক্যারিয়ারের পরিকল্পনার অংশ হিসেবে অনেক আগেই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস (UR Marv Studios) প্রতিষ্ঠা করেছেন রোনালদো। আন্তর্জাতিক মানের চলচ্চিত্র ও টেলিভিশন কনটেন্ট নির্মাণই প্রতিষ্ঠানটির লক্ষ্য। এই সিরিজে তার সহযোগী হিসেবে আছেন ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক ম্যাথিউ ভন।
রোনালদোকে নিয়ে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তার সঙ্গে অনুপ্রেরণামূলক গল্প পর্দায় তুলে ধরার অপেক্ষায় আছি।’


