

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তাকে মুখোমুখি বিতর্কের খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, আসিফ মাহমুদকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে সামনাসামনি ফেস করুক! এরপর সে দুর্নীতি করেছে কী করে নাই, সেটা আমি প্রমাণ করে দিবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদের একটি ব্যক্তিক্রমী সফর নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান লেখেন, সরকারের উপদেষ্টা হয়ে সে কেন এবং কী কারণে বেসরকারি সফরে দুবাই সফরে গেল? এটার কোনো সদুত্তর আজও তিনি দিতে পেরেছেন? বর্তমান রাজনৈতিক সরকারের সময় তো তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব অভিযোগ গণমাধ্যমে এসেছে। সেসময়কার দুদক এতো নিরপেক্ষ হলে এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত করলেও, আসিফ মাহমুদের বিরুদ্ধে কেন তদন্ত করতে দেওয়া হয়নি?
তখন যদি অভিযোগসমূহের বিষয়ে দুদক তদন্ত করে ফেলতো, তাহলে তো বর্তমানে কোনো তদন্তের প্রয়োজন হতো না!
আর বড় বিষয় হলো, আজকে প্রেসক্লাবে দুর্নীতির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কারের প্রোগ্রামে আসিফ মাহমুদের পাশে কেন কোনো সিনিয়র নেতাকে পাওয়া গেলো না? ইতোমধ্যে এনসিপির অফিসে আসিফ মাহমুদের সাংবাদিক সম্মেলনেও সিনিয়র কোনো নেতাকে পাওয়া যায়নি! তাহলে কি আসিফ মাহমুদকে সাপোর্ট করে সিনিয়র নেতারা নিজেদের গায়ে কোনো দাগ লাগাতে চাচ্ছে না?
এ ছাড়া বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, আমি আগেই স্পষ্ট করেছি, আসিফ মাহমুদ দুর্নীতি না করলে জামায়াতের আমির কেন দুর্নীতির অভিযোগ সামনে এনে আসিফ মাহমুদকে ঢাকা -১০ আসন ছাড়তে রাজি হলো না? আসিফ মাহমুদ কোনো দুর্নীতি না করলে সেসময় আসিফ মাহমুদকে নমিনেশন দেওয়ার জন্য ডক্টর মুহাম্মদ ইউনূসের অনুরোধটাও কেন জামায়াতের আমির রাখলো না?
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও যোগ করেন, আসিফ মাহমুদকে নমিনেশন না দিতে জামায়াতের আমিরকে কে নিষেধ করেছিলো? জাতীয় নির্বাচনে যেকারণে জামায়াতের আমির আসিফ মাহমুদকে ঢাকা -১০ আসন ছাড়েনি, একই কারণে কি এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছাড় দিবে?

