

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আহত এক স্কুলছাত্রের চিকিৎসা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ক্লাস টেনের ওই শিক্ষার্থীর একটি চোখের দৃষ্টি স্থায়ীভাবে হারিয়ে গেছে।
পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী জানান, আহত শিক্ষার্থীর শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, ছেলেটি এখনো বিশ্বাস করে, অপারেশনের পর আবারও পৃথিবী দেখতে পারবে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখের দৃষ্টি আর ফিরবে না।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ তার চোখটা ফিরিয়ে দিন। আপনি যেভাবে ইচ্ছা ক্ষমতা চালান, আমরা চুপ করে যাব; তবে একটি নিরপরাধ শিশুর হারানো চোখ ফিরিয়ে দিন।
তার এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে আহত শিক্ষার্থীর পরিচয় বা কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
এর আগে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র বিএনপি-ছাত্রদলের হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরীকে (১৯) উন্নত চিকিৎসার জন্য উড়োজাহাজে ঢাকায় আনা হয়।
হামলায় আহত হওয়ার পর মঙ্গলবার (২৮ জুলাই) রাতে আলিফকে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার চিকিৎসকরা তাকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এনসিপির অভিযোগ, মঙ্গলবার ছাত্রদলের নেতা-কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।