

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কিশোরগঞ্জে এক সমাবেশে বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করেছেন।
বক্তব্যে তিনি ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ এবং কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ হিসেবে আখ্যায়িত করে তার নাম মুছে ফেলার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটোয়ারীর এমন মন্তব্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন কিশোরগঞ্জের সন্তান ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়। কোনো বহিরাগত এসে এমন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না।’
অনতিবিলম্বে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বন্ধ ও আচরণ সংযত করার জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
খায়রুল বাসার লেখেন, ‘আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে ! যদি মানুষ থাকতো তাহলে, কোনো ‘বেয়াদব কমেডিয়ান’ সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারতো না।
কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, কিশোরগঞ্জের বাপসম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সে মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারতো না। বলতে পারতো না এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে।
বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না; তাই যা খুশি বলে যাই! অত্যন্ত আন্তরিক অনুরোধ- অনেক হয়েছে এবার সংযত হওয়া উচিত।’
মুক্তিযোদ্ধা ফজুলুর রহমান কিশোরগঞ্জের অহঙ্কার , কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তী , বর্তমান কিশোরগঞ্জের কান্ডারী। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে , আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।’
খায়রুল বাসারের এই প্রতিবাদী বার্তার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ অভিনেতার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।