বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ক্যাম্পাসে দুর্ঘটনায় ২৮ বছরের পিএইচডি গবেষকের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারতের চণ্ডীগড়ে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতি (২৮) নামে এক তরুণী পিএইচডি গবেষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি হরিয়ানার রেওয়ারি জেলায়। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে হোস্টেল থেকে বিভাগে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

বৃষ্টির কারণে ক্যাম্পাসের মূল সড়কে পানি জমে থাকায় জ্যোতি বিকল্প হিসেবে একটি কাঁচা পথ বেছে নিয়েছিলেন। ধারণ করা হচ্ছে, সেই পথের পাশে থাকা একটি জংশন বক্স থেকে বিদ্যুৎ ছড়িয়ে পানি ও মাটিতে ছড়িয়ে পড়েছিল।

সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ক্যাম্পাসের নিরাপত্তা ও বৈদ্যুতিক ব্যবস্থাপনায় চরম অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

শত শত শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক রেনু ভিগের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দোষীদের শাস্তি এবং নিহত জ্যোতির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের আন্দোলন এবং মঙ্গলবার মধ্যরাতে জ্যোতির পরিবারের সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়:

জ্যোতির পরিবারকে ১৬ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জ্যোতির ভাইকে বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে (তিনি ১০+২ পাস এবং আইটিআই ডিগ্রিধারী)।

জ্যোতির বাবা পেশায় একজন কৃষক, যিনি পাশাপাশি একটি বেসরকারি স্কুলের গাড়ি চালান। তার মা গৃহিণী। পরিবারের আর্থিক সংকটে জ্যোতি তার প্রাপ্ত 'সিনিয়র রিসার্চ ফেলোশিপ'-এর অর্থ দিয়ে বড় সহায় হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন। পুলিশ ইতোমধ্যে একটি এফআইআর (FIR) দায়ের করে মৃত্যুর সঠিক কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

এদিকে চণ্ডীগড়ের সংসদ সদস্য মনীশ তিওয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং চণ্ডীগড় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন