বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে পৌর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের সময় একটি বেসরকারি শিক্ষা সেবা প্রতিষ্ঠানের গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোড ও গাজীরটেক এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরে বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পরবর্তী পথসভায় বিএনপি নেতা নুরুল আমিন ও রাশেদ মিয়ার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে নুরুল আমিনের সমর্থনে রাজনগর এলাকার এবং রাশেদ মিয়ার সমর্থনে আনমনু এলাকার লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন এবং পথচারীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহত পুলিশ সদস্য জুবায়েদউল্লাহকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।

এদিকে সংঘর্ষ চলাকালে নবীগঞ্জ শহরের সার্কেল শিক্ষা সেবা কেন্দ্র-এর গ্লাস ভাঙচুর করা হয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও পরিচালক সাইফুর রহমান খান বলেন, আমরা একটি শিক্ষা সেবা প্রতিষ্ঠান পরিচালনা করি। কোনো রাজনৈতিক দল বা কোনো পক্ষের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংঘর্ষের সময় আমাদের প্রতিষ্ঠানের গ্লাস ভাঙচুর হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। নিরীহ একটি প্রতিষ্ঠানের এ ধরনের ক্ষয়ক্ষতি অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেটিই প্রত্যাশা।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষের অবসান ঘটে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

নবীগঞ্জ থানার ওসি মো. আবুল হোসেন বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন