বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, বিজিবি মোতায়েন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০১:২৯ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সিলেটের ৫টি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা বিরাজ করছে।

উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) জেলার ওসমানীনগর, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে এনসিপির এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সময়সূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট ও সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরদিন শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে কর্মসূচি পালন করবে দলটি।

কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্প্রতি হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার জেরে সিলেটের এই কর্মসূচিগুলো ঘিরে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন জানান, এনসিপি নেতাদের সফর উপলক্ষে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ, ডিবি, এপিবিএন, জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে ওসামানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ জানান, তাঁরা গঠনমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী এবং কাউকে আঘাত করতে চান না। তবে কেউ যদি হিংসাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। ওসামানীনগর থানার ওসি গোলাম মোস্তফা অবশ্য জানিয়েছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন